tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়সরকারের শপথ কাল, আসছেন ভারতের স্পিকার, মালদ্বীপের প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের...

সরকারের শপথ কাল, আসছেন ভারতের স্পিকার, মালদ্বীপের প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের প্রতিনিধি

সরকারের শপথ কাল: ভারতের স্পিকার, মালদ্বীপের প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের প্রতিনিধি উপস্থিত থাকছেন

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার। সকালে জাতীয় সংসদ ভবনে এমপিরা শপথ নেবেন এবং বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।

এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সরকারি সূত্র জানিয়েছে, বিএনপির আগ্রহের প্রেক্ষিতেই এবার বঙ্গভবনের পরিবর্তে সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রীদের শপথের আয়োজন করা হয়েছে। আইন উপদেষ্টা জানান, সংসদ সদস্যদের শপথের পর সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে।

ঐতিহ্যগতভাবে বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে। ড. আসিফ নজরুল বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, জুলাই ঘোষণা ও জুলাই সনদের মতো ঘটনাসহ বিভিন্ন রাজনৈতিক স্মৃতির কারণে সংসদ ভবন প্রাঙ্গণ ও দক্ষিণ প্লাজা বিশেষ তাৎপর্য বহন করে।

বিদেশি অতিথিদের উপস্থিতি

নির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

তবে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা। উপস্থিত থাকবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের একজন প্রতিনিধি।

অন্তর্বর্তী সরকার সার্কভুক্ত দেশগুলোর পাশাপাশি চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া ও ব্রুনাইয়ের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সব দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়নি।

ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া

নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, ১৭ ফেব্রুয়ারি ঢাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে ওম বিড়লা অংশ নেবেন। বিবৃতিতে ভারত-বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক, গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, একই সময়ে মুম্বইয়ে ‘ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশ নেয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফ এবং আমিরাতের যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ান-সহ প্রায় ২০ দেশের শীর্ষ নেতার উপস্থিত থাকার কথা রয়েছে। এ কারণে মোদি ঢাকায় আসতে পারছেন না। তার সঙ্গে দিল্লির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও বাংলাদেশ সফরে থাকবেন।

নির্বাচন পরিস্থিতি

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। ২৯৯ আসনের মধ্যে দু’টিতে বিএনপির বিজয়ী প্রার্থীর ফল প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।

নির্বাচনে বিএনপি জোট ২১২ আসনে জয় পেয়েছে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। অপরদিকে ৭৭ আসন নিয়ে বিরোধী বেঞ্চে বসবে জামায়াত, এনসিপিসহ ১১ দলীয় জোট।

শপথস্থল পরিদর্শন

শপথগ্রহণের প্রস্তুতি পরিদর্শনে গতকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তারা জাতীয় সংসদ সচিবালয়ের নতুন সচিব কানিজ মওলার সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রধান উপদেষ্টার কার্যালয়ে সমন্বয় সভায় অংশ নেন।