দুর্নীতির অভিযোগে পদত্যাগের পর দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে National Anti-Corruption Bureau of Ukraine (নাবু)। খবর দিয়েছে Al Jazeera।
নাবু জানায়, রাষ্ট্রীয় সীমান্ত অতিক্রমের সময় ‘মিডাস’ নামে পরিচিত একটি দুর্নীতি মামলার অংশ হিসেবে সাবেক এই মন্ত্রীকে আটক করা হয়। যদিও বিবৃতিতে সরাসরি গালুশচেঙ্কোর নাম উল্লেখ করা হয়নি, তবে গত বছর পর্যন্ত তিনি জ্বালানিমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং নভেম্বরে পদত্যাগ করেন।
সংস্থাটি আরও জানিয়েছে, প্রাথমিক তদন্ত কার্যক্রম আইন ও আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হচ্ছে। বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।
২০২৫ সালে জ্বালানি খাতে অর্থপাচার চক্রের তথ্য প্রকাশ্যে আসার পর গালুশচেঙ্কোসহ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, চক্রটি প্রেসিডেন্ট Volodymyr Zelenskyy–এর ঘনিষ্ঠ এক সহযোগীর মাধ্যমে পরিচালিত হতো। ইউক্রেনের বিশেষ দুর্নীতিবিরোধী প্রসিকিউটর দপ্তর (এসএপিও) জানিয়েছে, প্রায় ১০০ মিলিয়ন ডলারের এই কেলেঙ্কারির মূল পরিকল্পনাকারী ছিলেন ব্যবসায়ী তাইমুর মিনডিচ।
তদন্তে অভিযোগ করা হয়েছে, গালুশচেঙ্কো জ্বালানি খাতে অবৈধ অর্থ প্রবাহ ব্যবস্থাপনায় মিনডিচকে সহায়তা করেন। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান Energoatom–এর সঙ্গে কাজ করা ঠিকাদারদের চুক্তি বাতিল বা বিল পরিশোধে বিলম্ব এড়াতে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ঘুষ দিতে বাধ্য করা হতো।
এই কেলেঙ্কারির প্রেক্ষিতে ইউক্রেনের আগের দুই জ্বালানিমন্ত্রী এবং প্রেসিডেন্টের চিফ অব স্টাফও পদত্যাগ করেন। তবে সংশ্লিষ্ট সবাই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।



