বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের ভেতরেই ‘ভূত’ লুকিয়ে আছে। বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘জিয়াউর রহমান আর্কাইভ’-এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, সরকারের ভেতরের কিছু ব্যক্তি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত কিছু দলের সহিংস কর্মকাণ্ডের খবর প্রচার করছে কিছু গণমাধ্যম, যা তিনি ‘ফ্যাসিবাদী চক্রান্তের অংশ’ বলে আখ্যা দেন।
বিএনপির এই নেতা আরও বলেন, জাতীয় নির্বাচন বিলম্বিত করার সুযোগে অমানবিক ও পরিকল্পিত কর্মকাণ্ড ঘটানো হচ্ছে—এর মধ্যে বাসে আগুন দেওয়া ও সেই দায় বিরোধী দলের ওপর চাপানো অন্যতম। রিজভীর দাবি, এসব ঘটনার পেছনে সরকারের নিজস্ব ভূমিকার প্রমাণও রয়েছে।
আলোচনা সভায় বিএনপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।



