tanaka

চার দিন বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী চার দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে রোববার পর্যন্ত দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির...
প্রচ্ছদসারাদেশসমতল ও পাহাড়ে বৈষম্য থাকবে না: পার্বত্য মন্ত্রী

সমতল ও পাহাড়ে বৈষম্য থাকবে না: পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পাহাড় ও সমতল অঞ্চলকে সমানভাবে উন্নয়নের মূলধারায় নিয়ে আসাই বর্তমান সরকারের লক্ষ্য। এ ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য রাখা হবে না। পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করা গেলে পার্বত্য চট্টগ্রাম যেমন এগিয়ে যাবে, তেমনি সামগ্রিকভাবে এগিয়ে যাবে বাংলাদেশ।

সোমবার (৬ এপ্রিল) রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী মেলার উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ১০ এপ্রিল এ উৎসবের সমাপ্তি ঘটবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাহাড়ি ও বাঙালি—সব সম্প্রদায়ের সমন্বয়ে উন্নয়নের পথ এগিয়ে নিতে হবে। বিজু উৎসব পাহাড়ে বৈসাবী নামে পরিচিত হলেও বর্তমানে এটি সব সম্প্রদায়ের সম্মিলিত ঐতিহ্যবাহী উৎসবে পরিণত হয়েছে।

তিনি জানান, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর অন্যতম ঐতিহ্যবাহী উৎসব বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান, বিষু, সাংলান, চাংক্রাই ও পাতাও সম্প্রদায়ের অংশগ্রহণে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

মন্ত্রী বলেন, বিজু উৎসব পাহাড়ি অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মিলনমেলার পরিবেশ তৈরি করে এবং সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের আতিথেয়তা সকলকে মুগ্ধ করে। তিনি এ অঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে রাঙামাটি সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পাঁচ দিনব্যাপী বাংলা নববর্ষ ও বৈসাবী উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, পণ্য প্রদর্শনী, নাট্য মঞ্চায়নসহ নানা আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্টলও বসানো হয়েছে।

এদিকে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিজু, বৈসু ও সাংগ্রাইকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় পালিত হচ্ছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।