জাতীয় সংসদে দাঁড়িয়ে ‘কুমিল্লা’কে কুমিল্লা নামেই বিভাগ করার দাবি জানিয়েছেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান।
ড. মোশাররফ হোসেন বলেন, কুমিল্লা একটি ঐতিহাসিক জেলা। শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের দিক থেকে এর গুরুত্ব অপরিসীম। এসব বিবেচনায় কুমিল্লায় বিভাগ গঠনের বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে।
তিনি আরও বলেন, বিগত সরকারও কুমিল্লায় বিভাগ গঠনের ঘোষণা দিয়েছিল, তবে কুমিল্লা নামে নয়, অন্য নামে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘কুমিল্লা’ নাম নিয়ে নানা অজুহাত তুলে তা পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল, যা স্থানীয় জনগণ মেনে নেয়নি। দলমত নির্বিশেষে কুমিল্লাবাসী এর প্রতিবাদ জানায়।
তিনি বলেন, জনগণের সেই দাবির প্রেক্ষিতে তখনকার সরকার সমাধানের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করেনি। তাই বর্তমান সংসদে তিনি কুমিল্লা নামেই বিভাগ ঘোষণার দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।



