ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানও আয়োজন করা হবে। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যানের প্রেসসচিব সালেহ শিবলী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আর বিকেলে বঙ্গভবনে মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট নেওয়া হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জামায়াত নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন। বাকি আটটি আসনে জয়ী হয়েছেন অন্যান্য প্রার্থীরা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নির্বাচিত ২৯৭ জনের গেজেট প্রকাশ করেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। দীর্ঘ প্রায় দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে দলটির শীর্ষ পর্যায়ে সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে আলোচনা চলছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফলে বেসরকারি ফলাফল অনুযায়ী, তারেক রহমানের নেতৃত্বেই সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট।



