কেমন হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের সম্ভাব্য মন্ত্রিসভায় কারা জায়গা পাচ্ছেন—এ প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সংবাদমাধ্যমেও চলছে নানা বিশ্লেষণ ও জল্পনা।
দলের সিনিয়র নেতাদের ভাষ্য অনুযায়ী, এবারের মন্ত্রিসভা গঠিত হবে নবীন ও প্রবীণের সমন্বয়ে। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, মনোনয়নের ক্ষেত্রে যেভাবে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয় করা হয়েছিল, সরকার গঠনেও সেই ভারসাম্য বজায় থাকবে। নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যের উদ্যমও প্রতিফলিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দলের চেয়ারম্যান তারেক রহমান-এর সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এ তথ্য জানান তিনি। এ সময় উপস্থিত আরও কয়েকজন নেতা একই ধরনের ইঙ্গিত দেন।
তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি কোনো মন্তব্য করেননি।



