ঐতিহাসিক গণসংবর্ধনা মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। হাত নেড়ে লাখ লাখ মানুষের অভিবাদনের জবাব দেন তিনি। যুগপৎ আন্দোলনের সঙ্গী নেতাদেরও তিনি ভুলে যাননি। মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও আহসান হাবিব লিংকন। তারেক রহমান তাদের সঙ্গে হাত মেলান এবং কুশল বিনিময় করেন।
এর পাশাপাশি তিনি আরও কয়েকজন যুগপৎ আন্দোলনের সঙ্গী নেতার সঙ্গে কুশল বিনিময় করেন।
বেলা ৪টার কিছুক্ষণ আগে মঞ্চে পৌঁছান তারেক রহমান। মুহূর্তে স্লোগানে মুখর হয়ে ওঠে সভামঞ্চ, এবং লাখ লাখ নেতাকর্মী তাঁকে অভিবাদন জানায়।
এর আগে বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত লাইন ধরে তাকে অভিবাদন জানান নেতাকর্মীরা। হাসিমুখে হাত নেড়ে সকলের শুভেচ্ছার জবাব দেন তিনি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমান থেকে নামার পর ভিআইপি লাউঞ্জে দলীয় নেতাকর্মী ও স্বজনদের ভালোবাসায় সিক্ত হন। পরে বিশেষ বাসে চড়ে রাজধানীর পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ সংলগ্ন বিশাল গণসংবর্ধনা সমাবেশে পৌঁছান। বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চে যাওয়ার পথে রাস্তার দুপাশে দাঁড়ানো লাখো জনতার ভালোবাসায় অভিভূত হন তিনি।



