কুষ্টিয়া: লোকসংগীতের কিংবদন্তি, ‘লালনকন্যা’ খ্যাত শিল্পী ফরিদা পারভীনকে তার শেষ ইচ্ছা অনুযায়ী বাবা-মায়ের কবরেই দাফন করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া পৌর কেন্দ্রীয় গোরস্থানে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়।
ফরিদা পারভীনের মরদেহ কুষ্টিয়ায় পৌঁছালে রাত সাড়ে ৮টার দিকে স্বজন, বন্ধু, ভক্ত ও অনুসারীরা আবেগাপ্লুত হয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে বিদায় জানান।
এর আগে, রোববার বেলা ১২টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শিল্পীকে শেষ শ্রদ্ধা জানায়। বৃষ্টি সত্ত্বেও অসংখ্য ভক্ত প্রিয় শিল্পীর প্রতি ভালোবাসা নিবেদন করতে সেখানে হাজির ছিলেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ফরিদা পারভীন শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন।
কুষ্টিয়া পৌর গোরস্থানের প্রবীণ খাদেম নূর ইসলাম বলেন, “১৯৯৬ সালে ফরিদার বাবা দেলোয়ার হোসেনের কবর খুঁড়েছিলাম। পরে তার মা রৌফা বেগমকেও একই কবরেই দাফন করা হয়। আজ তাদের পাশেই ফরিদাকে সমাহিত করা হলো।”
ফরিদা পারভীন ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়ায় জন্মগ্রহণ করেন। বাবার চাকরির সুবাদে ছোটবেলা থেকেই কুষ্টিয়ায় বড় হন। মাত্র ১৪ বছর বয়সে, ১৯৬৮ সালে তার পেশাদার সংগীতজীবন শুরু হয়। দীর্ঘ ৫৫ বছরের সংগীতজীবনে তিনি লালনগীতিকে নতুন রূপ ও নিজস্ব ঘরানা দেন।
তার কণ্ঠে ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘বাড়ির কাছে আরশিনগর’, ‘তুমি কার কে কার তুমি’-সহ অসংখ্য লালনগীতি অনন্য ব্যাখ্যা ও দার্শনিক ভাব প্রকাশ পেয়েছে। শ্রোতাদের ভালোবাসায় তিনি সত্যিকারের ‘লালনকন্যা’ হিসেবে অমর হয়ে থাকবেন।



