বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে সাত দিনব্যাপী যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ রোববার থেকে শুরু হয়েছে। মহড়াটি সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমানবাহিনীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়ার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে উভয় দেশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মতে, মহড়ায় মেডিভ্যাক (উদ্ধার অভিযান) সমন্বয়, বিমান রক্ষণাবেক্ষণ ও বৈমানিক কার্যক্রম, প্যারাসুট ও লিটার রিগিং, রোটারি-উইং হোয়িস্ট অপারেশনসহ মানবিক সহায়তা ও দুর্যোগ প্রতিরোধমূলক বিভিন্ন অনুশীলন পরিচালনা করা হবে।
মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহণ বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার এবং প্যাসিফিক এয়ার ফোর্সের দুইটি সি-১৩০জে বিমান। এতে ১৫০ জন বাংলাদেশি ও ৯২ জন মার্কিন বিমানবাহিনী সদস্যের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও অংশগ্রহণ করছেন।
আইএসপিআর জানিয়েছে, এই মহড়া দুই দেশের বিমানবাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় ও আন্তঃকার্যক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া মহড়ার মাধ্যমে স্থানীয় জনগণকে সেবা প্রদানের মাধ্যমে দুই দেশের মধ্যকার বিশ্বাস, আস্থা ও বন্ধন আরও সুদৃঢ় হবে।



