tanaka
প্রচ্ছদসারাদেশশিশু হুমাইরার হার্টের অপারেশন করালেন ডেপুটি স্পিকার

শিশু হুমাইরার হার্টের অপারেশন করালেন ডেপুটি স্পিকার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজুড়া ইউনিয়নের রামনগর গ্রামের দুই বছর ছয় মাস বয়সি হুমাইরা তাবাচ্ছুমের হৃদযন্ত্রের জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। শিশুটির চিকিৎসায় আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি স্পিকার নিজেই।

কায়সার কামাল জানান, গত ১৭ আগস্ট একটি টিমের মাধ্যমে হুমাইরাকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। সফল অস্ত্রোপচারের পর শিশুটিকে আইসিইউ ও সিসিইউতে রাখা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বুধবার তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

জন্ম থেকেই হৃদযন্ত্রে সমস্যা

হুমাইরা রামনগর গ্রামের সাগর হোসেন ও মনি আক্তার দম্পতির মেয়ে। পরিবারের সদস্যরা জানান, জন্মের পর থেকেই শিশুটির হৃদযন্ত্রে দুটি ছিদ্র ছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের প্রয়োজন হলেও ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছিল।

এ অবস্থায় হুমাইরার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তার সহযোগিতায় শিশুটিকে ঢাকায় এনে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।

চিকিৎসকদের মতে, হুমাইরার অস্ত্রোপচারটি ছিল কিছুটা জটিল। বর্তমানে সে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। শারীরিক অবস্থার আরও উন্নতি হলে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নেওয়া হবে।

মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যয়

হুমাইরার পরিবারের পক্ষ থেকে তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

চিকিৎসা সহায়তার বিষয়ে কায়সার কামাল বলেন, মানবতার কল্যাণে অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। মানুষের কল্যাণে কাজ করতে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।