প্রেক্ষাগৃহে ঝড় তুলতে প্রস্তুত যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে সিনেমাটি যে সাড়া ফেলেছে, তাতে প্রথম দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি রুপির বেশি আয়ের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
গীতু মোহনদাস পরিচালিত গ্যাংস্টার অ্যাকশন-ড্রামাটি বুধবার (২৬ আগস্ট) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর ব্যাপক সাফল্যের পর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন যশ। সঙ্গে রয়েছেন কিয়ারা আদভানি। ফলে মুক্তির আগে থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
সিনেমাটির কিছু দৃশ্যে যশ ও কিয়ারার রসায়ন ইতোমধ্যে আলোচনায় এসেছে। বিশেষ করে সিনেমার বোল্ড দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
অগ্রিম টিকিটেই ৪৬ কোটি রুপি
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, উদ্বোধনী দিনের জন্য ‘টক্সিক’-এর ১০ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। ভারতে ব্লক করা আসন বাদ দিলে অগ্রিম বুকিং থেকেই সিনেমাটির আয় ৩৫ কোটি রুপি ছাড়িয়েছে। ব্লক করা আসনসহ অগ্রিম বুকিংয়ের অঙ্ক ৪৬ কোটি রুপির বেশি।
কর্ণাটক ও হিন্দিভাষী বাজারে সিনেমাটির চাহিদা সবচেয়ে বেশি। অগ্রিম বুকিংয়ের এই গতি অব্যাহত থাকলে ভারতে প্রথম দিনেই ৬০ কোটি রুপির বেশি আয় করতে পারে ‘টক্সিক’—এমন প্রত্যাশা রয়েছে।
বিশ্বজুড়ে ১০০ কোটির হাতছানি
শুধু ভারত নয়, বিদেশের বাজারেও সিনেমাটি নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। সব মিলিয়ে প্রথম দিনে বিশ্বব্যাপী ১০০ থেকে ১২০ কোটি রুপি আয় করার সম্ভাবনা তৈরি হয়েছে।
ভারতের বাজারে প্রথম দিনে ৮০ থেকে ১০০ কোটি রুপি গ্রস আয়ের পূর্বাভাস দেওয়া হচ্ছে। এর মধ্যে শুধু হিন্দি সংস্করণ থেকেই ৪০ কোটি রুপির বেশি আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যাশা পূরণ হলে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর পর ‘টক্সিক’ হতে পারে দ্বিতীয় কন্নড় সিনেমা, যা বিশ্বব্যাপী মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি রুপির বেশি আয় করবে।
‘কেজিএফ’-এর রেকর্ড ভাঙবে?
যশের প্যান-ইন্ডিয়া জনপ্রিয়তা, ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির সাফল্যের প্রভাব, একাধিক ভাষায় মুক্তি এবং বড় কোনো সরাসরি প্রতিদ্বন্দ্বী সিনেমা না থাকা—সব মিলিয়ে ‘টক্সিক’-এর উদ্বোধনী আয় নিয়ে প্রত্যাশা অনেক বেশি।
সিনেমাটি ‘এ’ সার্টিফিকেট নিয়ে মুক্তি পেয়েছে এবং এর দৈর্ঘ্য তিন ঘণ্টারও বেশি। কন্নড়, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও ইংরেজি—ছয় ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
এখন দেখার বিষয়, অগ্রিম বুকিংয়ের উত্তাপ বাস্তব বক্স অফিসে কতটা প্রতিফলিত হয় এবং যশ-কিয়ারার ‘টক্সিক’ শেষ পর্যন্ত ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর উদ্বোধনী সাফল্যকে পেছনে ফেলতে পারে কি না।
তথ্যসূত্র: ইটিভি ভারত



