ভারতের নিট (এনইইটি) পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লির যন্তর-মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের এই আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বলিউডের কয়েকজন তারকাও প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি শাহরুখ খানের সমর্থনের একটি পোস্ট ভাইরাল হয়েছে। তবে যাচাই করে দেখা গেছে, পোস্টটি ভুয়া।
সম্প্রতি এক্সে (সাবেক টুইটার) ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশটে দাবি করা হয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে শাহরুখ খান একটি আবেগঘন বার্তা দিয়েছেন। সেখানে বলা হয়, শিক্ষার্থীদের আন্দোলন শুধু একটি পরীক্ষার বিরুদ্ধে নয়; বরং স্বচ্ছ, ন্যায্য ও জবাবদিহিমূলক শিক্ষাব্যবস্থার দাবিতে। একই সঙ্গে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে বলে দাবি করা হয়।
ভাইরাল ওই পোস্টে আরও বলা হয়, শিক্ষার্থীদের দাবিকে গুরুত্ব দিয়ে কর্তৃপক্ষের প্রয়োজনীয় সংস্কার আনা উচিত। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি মানসিক ও নৈতিক সমর্থনের কথাও উল্লেখ করা হয়।
তবে বিষয়টি যাচাই করে দেখা গেছে, শাহরুখ খানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে এ ধরনের কোনো পোস্ট নেই। অর্থাৎ, তার নামে ছড়িয়ে পড়া স্ক্রিনশটটি ভুয়া। জানা গেছে, এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী শাহরুখ খানের নামে পোস্টটি তৈরি করে শেয়ার করেন। পরে সেটিই দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘটনাটি সামনে আসার পর শাহরুখের ভক্তরা ভুয়া পোস্ট ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মিথ্যা তথ্য প্রচারের সমালোচনা করে অনেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে বলিউডের কয়েকজন তারকা প্রকাশ্যে প্রতিক্রিয়া জানালেও শাহরুখ খান এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ফলে তার নামে ছড়িয়ে পড়া ওই পোস্টের কোনো সত্যতা নেই বলেই যাচাইয়ে উঠে এসেছে।



