রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রী ও সন্তানের সামনে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত হওয়ার পরও এক হামলাকারীকে ধাওয়া করেন ওই পুলিশ কর্মকর্তা। তবে তাকে আটক করতে পারেননি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তার নাম মো. ওসমান গনি। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ঢাকার ইমিগ্রেশন শাখায় কর্মরত।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর-আদাবর জোনের সহকারী পুলিশ সুপার (এসি) আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, ঘটনাটি ছিনতাইয়ের নয়। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে হামলাটি হয়ে থাকতে পারে। হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ কর্মকর্তা ওসমান গনির বরাত দিয়ে এসি মামুন জানান, বুধবার (২২ জুলাই) সকাল ৮টা ৪৫ মিনিটে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি তার মোবাইল ফোনে যোগাযোগ করেন। তারা তার বাসার গেটের সামনে পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে কথা বলেন।
পরদিন বৃহস্পতিবার রাতে স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে কাঁচাবাজার করে বাসায় ফিরছিলেন ওসমান গনি। এ সময় পেছন থেকে এক দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থাতেই তিনি হামলাকারীকে ধাওয়া করেন। তবে তাকে ধরতে পারেননি।
পরে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ওসমান গনিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।



