রাজধানীর শাহ আলী মাজার এলাকায় হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১৬ মে) রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন শেখ মো. সাজ্জাদুল হক রাসেল (৩৮) ও মো. আরমান দেওয়ান (২৯)।
ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাজারে হামলার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
হামলার ঘটনায় রেসমি নামে এক নারী শাহ আলী থানা-এ মামলা দায়ের করেন। মামলার বাদী নিজেও হামলায় আহত হয়েছেন।
এজাহারে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে তিনি শাহ আলী মাজারে জিয়ারত করে আসছেন। গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে অতর্কিত হামলায় তিনি গুরুতর আহত হন। তার অভিযোগ, জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালায়। হামলার সময় এক অজ্ঞাত ব্যক্তি তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, এতে ৯ জনের নাম উল্লেখ করে আরও প্রায় ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, হামলাকারীরা মাজারের সিন্নি নষ্ট করে, চাদর ছিঁড়ে ফেলে এবং মূল্যবান সামগ্রী লুটপাট করে। এছাড়া নারী ভক্তদের শ্লীলতাহানির অভিযোগও আনা হয়েছে।



