সৌদি আরবে এক বাংলাদেশি নাগরিকের শিরচ্ছেদের ঘটনার পরিপ্রেক্ষিতে বিদেশে বাংলাদেশিদের জীবনের সুরক্ষা, অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী বাংলাদেশিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘প্রবাস’।
এ দাবিতে রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে সংগঠনটি। কর্মসূচি শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়া হবে।
‘বিদেশে শ্রমিকের নিরাপত্তা চাই’ ও ‘নির্যাতন ও মৃত্যুদণ্ডের জবাব চাই’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে সহ-আয়োজক হিসেবে রয়েছে গণতন্ত্র ও জবাবদিহিবিষয়ক দক্ষিণ এশীয় নেটওয়ার্ক ‘সাউথ এশিয়ান অ্যাকাউন্টেবিলিটি নেটওয়ার্ক ফর ডেমোক্রেসি (স্যান্ড)’। এ ছাড়া গবেষণা সহযোগী হিসেবে যুক্ত রয়েছে চিকিৎসাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য স্কলারো’।
প্রবাসীদের অধিকার সুরক্ষা, আইনি সহায়তা, প্রশিক্ষণ, গবেষণা ও জনসচেতনতা তৈরিতে কাজ করা ‘প্রবাস’ জানিয়েছে, মানববন্ধন থেকে বিদেশে বাংলাদেশি শ্রমিকদের ওপর নির্যাতন ও হয়রানির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অধিকার লঙ্ঘনের ঘটনায় কার্যকর প্রতিকার দাবি করা হবে। একই সঙ্গে মৃত্যুদণ্ডের মতো গুরুতর শাস্তির ক্ষেত্রে ন্যায়সংগত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরা হবে।
আয়োজকদের বক্তব্য, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক সংকটে পড়লে তাঁকে প্রয়োজনীয় আইনি ও কনস্যুলার সহায়তা দেওয়ার পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়াও জরুরি।
কর্মসূচি শেষে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দেওয়া স্মারকলিপিতে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা জোরদার, নির্যাতনের অভিযোগ তদন্ত এবং বিদেশে বিপদে পড়া বাংলাদেশিদের সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হবে।
এ কর্মসূচিতে সংহতি প্রকাশের জন্য মানবাধিকারকর্মী, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।



