tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনশাহরুখকে এক নজর দেখতে মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতেন রাজকুমার রাও

শাহরুখকে এক নজর দেখতে মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতেন রাজকুমার রাও

বলিউডে নিজের ক্যারিয়ারের শুরুর সময়টায় শাহরুখ খানের প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন অভিনেতা রাজকুমার রাও। দিল্লি থেকে মুম্বাই আসার পর প্রিয় তারকাকে এক ঝলক দেখার আশায় নিয়মিত শাহরুখের বাংলো ‘মান্নাত’-এর সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন বলে জানিয়েছেন তিনি।

নিজের আসন্ন সিনেমা ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্বল নিকম’-এর প্রচারে ব্যস্ত সময় পার করছেন রাজকুমার রাও। ছবিটির প্রচারের অংশ হিসেবে সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর মঞ্চে হাজির হন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সহ-অভিনেত্রী ওয়ামিকা গাব্বি এবং সাবেক সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম। অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের সঙ্গে আলাপচারিতায় ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন তারা।

ক্যারিয়ারের প্রথম দিকের স্মৃতি মনে করে রাজকুমার বলেন, দিল্লির একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে থিয়েটার ও টেলিভিশনে কাজের মাধ্যমে শাহরুখ খান যেভাবে বলিউডের বড় তারকা হয়ে উঠেছেন, সেটি তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। সেই অনুপ্রেরণা থেকেই মুম্বাইয়ে আসার পর কাজের সুযোগ না থাকলেও শাহরুখের বাড়ির সামনে গিয়ে অপেক্ষা করতেন তিনি।

রাজকুমারের কথায়, প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখার আকাঙ্ক্ষাই তাকে ‘মান্নাত’-এর সামনে দাঁড় করিয়ে রাখত।

এ সময় শাহরুখ খানের প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন অমিতাভ বচ্চনও। তিনি বলেন, শাহরুখ কখনো সহজে হাল ছেড়ে দেন না। যেকোনো সমস্যার মধ্যেও তিনি কথাবার্তার মাধ্যমে অন্য মানুষের আত্মবিশ্বাস বাড়াতে সক্ষম।

এদিকে অবিনাশ অরুণ পরিচালিত ‘প্রহার’ সিনেমায় আইনজীবী উজ্জ্বল নিকমের জীবনের গুরুত্বপূর্ণ কয়েকটি আইনি লড়াইয়ের ঘটনা তুলে ধরা হয়েছে। এর মধ্যে বিশেষভাবে স্থান পেয়েছে ২০০৮ সালের ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলা এবং হামলার অন্যতম আসামি আজমল কাসাবের বিচারপ্রক্রিয়া।

সিনেমাটিতে উজ্জ্বল নিকমের চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ওয়ামিকা গাব্বি, জয়দীপ আহলাওয়াত ও সিকান্দার খের।

আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্বল নিকম’-এর।