শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে এক স্মৃতিমাখা পোস্ট দিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। সোমবার (১৯ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি স্কুলজীবনের একটি বিশেষ স্মৃতির কথা তুলে ধরেন। সেই সঙ্গে একটি পুরোনো ছবি শেয়ার করেন শিল্পী, যেখানে দেখা যায়—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামনে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন তিনি।
আশির দশকের সাদাকালো ছবিটিতে স্কুলপড়ুয়া কনকচাঁপাকে হারমোনিয়াম হাতে গান গাইতে দেখা যায়। মনোযোগ দিয়ে সেই গান শুনছেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
ফেসবুক পোস্টে কনকচাঁপা লেখেন, ‘শুভ জন্মদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, সফল রাষ্ট্রনায়ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই মহান নেতা আমাদের স্কুল মাদারটেক আব্দুল আজিজ উচ্চবিদ্যালয় পরিদর্শনে এসেছিলেন। আমি আমার স্কুলের বন্ধুদের সঙ্গে গেয়েছিলাম কিংবদন্তি কণ্ঠশিল্পী শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ আপার সেই গান—“প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলা আমার মরণ বাংলাদেশ।” হারমোনিয়াম নিয়ে দাঁড়ানো মেয়েটিই আমি। এটি ১৯৮০ সালের ছবি, যা আমার ব্যক্তিগত অ্যালবাম থেকে নেওয়া।’
কনকচাঁপার এই আবেগঘন পোস্টটি প্রকাশের পরপরই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই মন্তব্যের ঘরে পোস্টটি নিয়ে তাদের ভালো লাগা ও আবেগের কথা প্রকাশ করেছেন।



