শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। নির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে মন্ত্রী পর্যায়ের ডেলিগেশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোয়ান। দায়িত্বশীল কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী অ্যাম্বাসেডর বারিস ইকিঞ্চি।
বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানসহ ১৩টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশের নতুন সরকার শপথ নেবে। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, আমন্ত্রণ পেলেও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
তবে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। ইসলামাবাদ থেকেও আভাস দেওয়া হয়েছে যে, পাকিস্তানের পক্ষ থেকে মন্ত্রী পদমর্যাদার একজন রাজনৈতিক প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এছাড়া মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই সংসদে ৭৭টি আসনে জয়ী হয়ে বিরোধী বেঞ্চে বসবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট।



