প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায়। আগামীকাল মঙ্গলবার বিকেলে এই শপথ অনুষ্ঠান হবে। একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এ উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় জোর প্রস্তুতি চলছে। সোমবার দুপুরে সংসদ ভবন এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।
দুপুর দেড়টার দিকে দেখা যায়, দক্ষিণ প্লাজার মাঠের পাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে চেয়ার ও প্রয়োজনীয় আসবাবপত্র। বাইরে সড়কের একপাশে স্থাপন করা হয়েছে সাউন্ড সিস্টেমের যন্ত্রপাতি। এছাড়া ভেতরে বিভিন্ন যানবাহনে করে মালামাল আনা-নেওয়া চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অনুষ্ঠান ঘিরে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
সাধারণত বঙ্গভবন-এর দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে এবার তার ব্যতিক্রম ঘটছে। মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। আর বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।
শপথগ্রহণ অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে সহস্রাধিক অতিথির অংশগ্রহণের কথা রয়েছে।



