আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রক্ষণাবেক্ষণ ও গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ হাতে নিয়েছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। এ কারণে শনিবার (২৩ মে) দেশের কয়েকটি এলাকায় নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর আওতাধীন ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন এবং রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় বিহাস ফিডারের আওতাধীন মাসকাটাদিঘী, কাটাখালী বাজার, বিহাস, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস এলাকায় বিদ্যুৎ থাকবে না।
সাময়িক এ ভোগান্তির জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।
অন্যদিকে, Natore Palli Bidyut Samity-2 জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজশাহী ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে রুটিন রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।
এ কারণে শনিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত বাঘা জোনাল অফিসের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।



