নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে শনিবার (২৩ মে) থেকেই দেশের প্রায় সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হচ্ছে। এর আগে ওইদিন বিদ্যালয়ে শ্রেণিকার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
শুক্রবার (২২ মে) রাত ৯টার পর বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া।
তিনি জানান, শনিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদের ছুটি কার্যকর হবে এবং ওইদিন সব বিদ্যালয় বন্ধ থাকবে। আগামী ৬ জুন পর্যন্ত এ ছুটি চলবে।
এর আগে গত ২৪ মার্চ জারি করা এক নির্দেশনায় রোজা ও ঈদের ছুটির পর শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে টানা ১০টি শনিবার বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় এ উদ্যোগ নেওয়া হয়েছিল।
তবে ঈদের আগে শনিবার বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তে আপত্তি জানান প্রাথমিক শিক্ষকেরা। তারা বিদ্যালয় বন্ধ রাখার দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে লিখিত আবেদন করেন। পরে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত পরিবর্তন করে শনিবারও ছুটি ঘোষণা করা হয়।



