জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধিরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনা এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তারা।
দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে উভয় পক্ষ বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে অভিন্ন আগ্রহের কথা জানান দুই দেশের প্রতিনিধিরা।
বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীকে জানান, আসন্ন কপ-৩১ সম্মেলনে অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।



