tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনজয়া বচ্চনের বকুনি এড়াতে বাড়ি ফেরার আগে যা করেন অমিতাভ

জয়া বচ্চনের বকুনি এড়াতে বাড়ি ফেরার আগে যা করেন অমিতাভ

বাড়ি ফিরতে দেরি হলে স্ত্রী জয়া বচ্চনের বকুনি শুনতে হতে পারে—এমন আশঙ্কায় আগেভাগেই পরিবারের সদস্যদের জানিয়ে রাখেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর একটি পর্বে নিজের এই অভ্যাসের কথা জানান বিগ বি।

এক প্রতিযোগীর সঙ্গে আলাপচারিতার সময় অমিতাভকে প্রশ্ন করা হয়, শুটিংয়ের কারণে বাড়ি ফিরতে দেরি হলে জয়া বচ্চন তাঁকে বকাঝকা করেন কি না। জবাবে অভিনেতা জানান, শুটিংয়ে দেরি হবে বুঝতে পারলে তিনি আগেই পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়ে দেন। এমনকি পরিবারের সদস্যদের নিয়ে তাঁদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে।

অমিতাভ বলেন, “আমি জানি কী হতে পারে। তাই পরিবারের সবাইকে নিয়ে তৈরি করা গ্রুপে আগে থেকেই একটি বার্তা পাঠাই। জানিয়ে দিই, শুটিংয়ের কারণে ফিরতে দেরি হবে। তাই আমার জন্য যেন কেউ রাতের খাবারের অপেক্ষা না করেন। আগে থেকেই সবাইকে জানিয়ে রাখি। এটাই আমাকে বাঁচিয়ে দেয়।”

এরপর মজার ছলে তিনি বলেন, “কিন্তু যদি তাঁকে (জয়া বচ্চন) না জানাই, তাহলে বকুনি খাব। জিজ্ঞেস করবে, ‘কোথায় ছিলে? আমাদের জানালে না কেন? এটা কি বাড়ি ফেরার সময়?’” অমিতাভ আরও জানান, তিনি বেশি দেরি করলে জয়া নিজের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

বাড়িতে পরিচারক-পরিচারিকা না থাকলে নিজের ঘরের কাজ নিজেই সামলান বলেও জানান অমিতাভ। পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে প্রয়োজনীয় অন্যান্য কাজও করেন তিনি।

অমিতাভ বলেন, “বাড়িতে যত কর্মীই থাকুন না কেন, যখন কেউ থাকেন না, তখন আমি নিজেই সব কাজ করি। পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে সবকিছুই সামলাই। তবে রান্না করতে জানি না। তাই কখনও বাইরে থেকে খাবার আনিয়ে নিই। আবার কখনও জয়ার কাছে গিয়ে বলি, ‘দেবীজি, একটু কিছু বানিয়ে দাও।’”

অভিনেতার ভাষ্য অনুযায়ী, তাঁর এমন আবদারে জয়া বেশ খুশিই হন। স্বামীর জন্য নানা ধরনের খাবার তৈরি করেন তিনি এবং খাবার কেমন হয়েছে, সেটিও জানতে চান।