tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকলিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সমুদ্রে ৩৭ সুদানির মৃত্যু

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সমুদ্রে ৩৭ সুদানির মৃত্যু

নিজ দেশে চলমান যুদ্ধ থেকে পালিয়ে লিবিয়া হয়ে সমুদ্রপথে গ্রিসে যাওয়ার সময় ৩৭ জন সুদানি অভিবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক উদ্ধার ও সহায়তা কমিটির বিবৃতিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদুলু এজেন্সি

সুদানের নাগরিক কমিটি ‘এল-ফাশার রেজিস্ট্যান্স কোঅর্ডিনেশন’ এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে নারী, শিশু এবং একই পরিবারের একাধিক সদস্য রয়েছেন।

কমিটির প্রকাশিত ৩৭ জন নিহতের তালিকায় সাত মাস বয়সী একটি শিশুসহ ৩, ৬, ৮, ৯, ১২, ১৩ ও ১৬ বছর বয়সী কয়েকজন শিশুর নাম রয়েছে। নিহতরা সুদানের এল-ফাশার, এল-জেনেইনা, নেয়ালা, গেদারেফ, ইস্ট নাইল ও বাবানুসাসহ বিভিন্ন এলাকার বাসিন্দা ছিলেন।

কমিটি জানিয়েছে, নিহতদের মধ্যে এল-ফাশার শহরের বাসিন্দার সংখ্যাই বেশি। এক বিবৃতিতে তারা বলেছে, এল-ফাশারের মানুষের জন্য মৃত্যু যেন কোনো পথেই পিছু ছাড়ছে না—নিজ শহর, বাস্তুচ্যুতির পথ, অভিবাসনের যাত্রা এবং শেষ পর্যন্ত সমুদ্রেও।

স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৬ অক্টোবর আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এল-ফাশার দখল করার পর সেখানে বেসামরিক মানুষের ওপর ব্যাপক হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। এই যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।