tanaka
প্রচ্ছদজাতীয়পার্কিং দখল ও নকশাবহির্ভূত নির্মাণ: সিডিএর অভিযানে ৪১ লাখ টাকা জরিমানা

পার্কিং দখল ও নকশাবহির্ভূত নির্মাণ: সিডিএর অভিযানে ৪১ লাখ টাকা জরিমানা

অনুমোদিত নকশার ব্যত্যয়, অবৈধ নির্মাণ এবং পার্কিংয়ের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ও হালিশহর এলাকায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) পরিচালিত এ অভিযানে ১৩টি প্রতিষ্ঠান ও ভবনে অভিযান চালিয়ে মোট ৪১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় পাঁচটি প্রতিষ্ঠান সিলগালা করা হয় এবং তিনটি ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয়। পাশাপাশি অনিয়মকারী ভবন মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেনের উপস্থিতিতে অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন।

অভিযানে আগ্রাবাদ এক্সেস রোডের সুপারশপ ‘উৎসব’ ও ‘স্বপ্ন’-এর পার্কিংয়ের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ‘উৎসব’কে ৮ লাখ টাকা এবং ‘স্বপ্ন’কে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে ‘সেফস লাউঞ্জ’ নামের একটি রেস্টুরেন্ট সিলগালা করা হয়েছে।

এ ছাড়া তিনটি ভবনের নকশাবহির্ভূত বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন বলেন, বড় বড় সুপারশপ নির্মাণ করা হলেও অনেক ক্ষেত্রে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা রাখা হচ্ছে না। নগরবাসীকে সিডিএর অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও হাসপাতাল নির্মাণের সময় পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা না থাকলে যানজট ও জনভোগান্তি সৃষ্টি হয়। এ ধরনের অনিয়ম থেকে সবাইকে বিরত থাকতে হবে।

সিডিএর অথরাইজড অফিসার তানজিব হোসেন বলেন, চট্টগ্রামকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সিডিএর পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটি-২-এর চেয়ারম্যান মো. মনজুর হাসান, অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন, সহকারী অথরাইজড অফিসার মো. ইলিয়াছ আকতার, মো. হামিদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।