কাঠমান্ডুতে সদ্য সমাপ্ত ‘৩য় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সম্মেলন-২০২৬’-এ অংশ নেওয়া বাংলাদেশ ও নেপালের জ্যেষ্ঠ সাংবাদিকদের একটি যৌথ প্রতিনিধিদল কাঠমান্ডুস্থ বাংলাদেশ হাউস সফর করেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে সার্ক জার্নালিস্ট ফোরামের (এসজেএফ) উদ্যোগে বাংলাদেশ ও নেপালের ১০ সদস্যের প্রতিনিধিদলটি সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেন।
গত ৯ থেকে ১২ আগস্ট কাঠমান্ডুতে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল ও দ্য বাংলাদেশ পোস্টের সিনিয়র করেসপন্ডেন্ট মো. আবদুর রহমান, দ্য ডেইলি বঙ্গবাণীর সম্পাদক মুশতাক আহমেদ মুবারকী, দ্য ডেইলি আজকালের বিশেষ প্রতিনিধি মো. জিয়াউর রহমান, ডেইলি ব্যাংক বীমা অর্থনীতির সম্পাদক মোহাম্মদ মুনীরুজ্জামান, ডেইলি আমার বাংলার ম্যানেজিং এডিটর পান্না জামান এবং ডেইলি আজকের প্রভাতের সিনিয়র করেসপন্ডেন্ট মো. আবু বকর সিদ্দিক।
নেপালের প্রতিনিধিদলে ছিলেন ন্যাশনাল ফোরাম অব নিউজ জার্নালিস্টসের সভাপতি ও লাহানা মিডিয়ার সম্পাদক নৃপেন্দ্র লাল শ্রেষ্ঠ, সহ-সভাপতি সুনীল মহার্জন, লাহানা উইকলির সুরেন্দ্র ভক্ত শ্রেষ্ঠ এবং এপি১ টিভির রাজু নাপিত।
দুপুরে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের গণমাধ্যম, আঞ্চলিক সাংবাদিকতা এবং আদিবাসী ভাষা সংরক্ষণ ও প্রচারে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত প্রতিনিধিদলের সদস্যদের স্বাগত জানান। তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশ ও নেপালের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠক শেষে প্রতিনিধিদলের সম্মানে বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে দুই দেশের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।



