মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেট মাঠে একের পর এক রেকর্ড গড়ে আলোচনায় ভারতীয় তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। এবার তার সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। পুরস্কার হিসেবে নতুন একটি বিলাসবহুল টাটা সিয়েরা গাড়ি পেয়েছে ভারতের এই বিস্ময় বালক।
গত আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ‘সুপার স্ট্রাইকার অব দ্য সিজন’ পুরস্কার জিতেছিল বৈভব। সেই পুরস্কারের অংশ হিসেবেই তাকে গাড়িটি উপহার দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে নতুন গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বৈভবের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২০২৫ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অভিষেক হয় বৈভবের। এরপর থেকেই ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছে সে। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে জায়গা করে নেয় ভারতের জাতীয় দলেও।
গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। এখন পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি ম্যাচে ২৯৫ রান করেছে বৈভব। রয়েছে দুটি অর্ধশতক। গত অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে মাত্র ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেও নজর কেড়েছিল সে।
টাটা সিয়েরাই অবশ্য বৈভবের প্রথম গাড়ি নয়। ২০২৫ সালের আইপিএলে ‘সুপার স্ট্রাইকার অব দ্য সিজন’ হওয়ার পুরস্কার হিসেবে এর আগে তাকে দেওয়া হয়েছিল টাটা কার্ভ ইভি। এবার তার গাড়ির সংগ্রহে যুক্ত হলো নতুন টাটা সিয়েরা।
গত আইপিএলে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছিল এই তরুণ। ১৬ ম্যাচে পাঁচটি অর্ধশতক ও একটি শতকসহ মোট ৭৭৬ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিল সে। তার ব্যাট থেকে এসেছিল ৬৩টি চার ও ৭২টি ছক্কা। দুর্দান্ত এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতেছিল কমলা টুপিও।
আন্তর্জাতিক ক্রিকেটেও ইতোমধ্যে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে বিহারের সমস্তিপুরের এই ক্রিকেটার। মাত্র ১৫ বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকের মাধ্যমে বিশ্বের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার নজির গড়েছে সে।
এবার বৈভবের কাঁধে উঠেছে আরও বড় দায়িত্ব। বিহার সিনিয়র পুরুষ ক্রিকেট দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছে সে। সৈয়দ মুশতাক আলী ট্রফির প্রথম দুটি ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তার।
ক্রিকেট মাঠে রেকর্ড আর সাফল্যের পাশাপাশি এবার ব্যক্তিগত জীবনেও বড় উপহার পেল ভারতের এই তরুণ ক্রিকেটার।



