tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকইরানের ক্ষেপণাস্ত্র ‘পারস্যের কার্পেটের চেয়েও খাঁটি’: আইআরজিসি

ইরানের ক্ষেপণাস্ত্র ‘পারস্যের কার্পেটের চেয়েও খাঁটি’: আইআরজিসি

অন্য কোনো দেশের সহায়তা ছাড়াই সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও অভ্যন্তরীণ সম্পদ ব্যবহার করে ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। এমন দাবি করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বিলালী।

ফারস নিউজ এজেন্সির বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের সামরিক সক্ষমতা ও প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতার চিত্র তুলে ধরতে গিয়ে ব্যতিক্রমী মন্তব্য করেন জেনারেল বিলালী। তিনি বলেন, ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্র শিল্প এতটাই নিজস্ব সক্ষমতার ওপর প্রতিষ্ঠিত যে, একে ঐতিহ্যবাহী পারস্যের কার্পেটের চেয়েও বেশি খাঁটি ও দেশীয় বলা যায়।

তিনি আরও দাবি করেন, ইরানের সামরিক ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে বিদেশি সহায়তা ছাড়াই উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব।

বিলালীর ভাষ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের কঠিন ও তরল জ্বালানি তৈরিতে প্রয়োজনীয় রাসায়নিক উপাদান ও কাঁচামালও ইরান নিজস্ব খনিজ সম্পদ এবং পেট্রোলিয়াম থেকে সংগ্রহ ও প্রস্তুত করছে। ফলে এসব গুরুত্বপূর্ণ উপাদানের জন্য যুক্তরাষ্ট্র বা অন্য কোনো বিদেশি শক্তির ওপর দেশটিকে নির্ভর করতে হচ্ছে না।

পশ্চিমা দেশগুলোর কঠোর অর্থনৈতিক ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক উৎপাদন সক্ষমতা অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন আইআরজিসির এই কর্মকর্তা।

সামরিক বিশ্লেষকদের মতে, নিজস্ব প্রযুক্তি ও সম্পদের ওপর নির্ভরশীলতা বাড়াতে পারলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য ও ভূরাজনীতিতে ইরানের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। তবে ইরানের এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা তথ্য এবং দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদনে বিদেশি উপাদানের প্রকৃত ভূমিকা আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন।

সূত্র: মিডল ইস্ট আই