রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতির তিনটি ‘অপরাধের’ কারণে তার ভাষণ বর্জন করা হয়েছে। এই মহান সংসদে তার বক্তব্য শোনার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওয়াকআউট শেষে সাংবাদিকদের সামনে বিরোধীদলীয় নেতা বলেন, এই সংসদ জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। আমরা অনুরোধ করেছিলাম—এই সংসদে ফ্যাসিস্টের দোসর কিংবা খুনের সহযোগীরা যেন বক্তব্য রাখার সুযোগ না পায়।
ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রপতি তিনটি কারণে অপরাধী। প্রথমত, তিনি সব খুনের সহযোগী ছিলেন। দ্বিতীয়ত, ২০২৪ সালের ৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেছিলেন তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। কিন্তু পরে তিনি সেই বক্তব্য অস্বীকার করেন। এর মাধ্যমে তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হয়েছেন।
তৃতীয় কারণ হিসেবে তিনি বলেন, রাষ্ট্রপতি নিজের হাতে একটি অধ্যাদেশে স্বাক্ষর করেছেন, যেখানে নির্বাচনে দুটি ভোটের বিধান রাখা হয়েছে। এতে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন, তারা সংস্কার সংশোধন পরিষদের সদস্য হিসেবেও নির্বাচিত হবেন। একই দিনে উভয় শপথ একই ব্যক্তি পড়াবেন।
জামায়াত আমির আরও বলেন, আমরা এই দুই শপথ নিলেও সরকারি দল তা নেয়নি।



