tanaka
প্রচ্ছদজাতীয়কিডনি রোগের প্রধান কারণ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ

কিডনি রোগের প্রধান কারণ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ

বাংলাদেশে কিডনি রোগের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। একসময় যেখানে এই রোগের হার ছিল প্রায় ১৮ শতাংশ, তা ২০২৩ সালে বেড়ে প্রায় ২৪ শতাংশে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ কিডনি রোগের অন্যতম প্রধান কারণ। বর্তমানে দেশে প্রায় দেড় কোটির কাছাকাছি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত।

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব তথ্য তুলে ধরেন। এ বছরের প্রতিপাদ্য ছিল—‘সবার জন্য কিডনি স্বাস্থ্য: মানুষের যত্ন, পৃথিবীর সুরক্ষা’।

দিবসটি উপলক্ষে কিডনি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্ত, প্রস্রাব ও রক্তচাপ পরীক্ষা করা হয়। এতে নিম্ন আয়ের প্রায় চার শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়েছে।

কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হারুন আর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান, জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। বিশেষ অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের বোর্ড অব ট্রাস্টি রাশেদা কে চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, স্বাস্থ্যকর জীবনযাপন, সুষম খাদ্য গ্রহণ এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণেও আনা যেতে পারে। তিনি বলেন, বিশ্বব্যাপী কিডনি রোগ বাড়লেও আশার বিষয় হলো—এই রোগগুলোর বেশিরভাগই প্রতিরোধযোগ্য।

রাশেদা কে চৌধুরী বলেন, দেশে কিডনি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ডায়ালাইসিস নেওয়া রোগীদের বড় একটি অংশ নারী। অনেক ক্ষেত্রে সামাজিক ও অর্থনৈতিক কারণে নারীরা চিকিৎসা থেকে বঞ্চিত হন এবং গুরুতর অবস্থায় হাসপাতালে আসেন।

তিনি প্রতিটি কমিউনিটি ক্লিনিকে বাধ্যতামূলক কিডনি রোগ স্ক্রিনিং চালুর জন্য সরকারের সঙ্গে সমন্বয়ের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. হারুন আর রশিদ বলেন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বৃদ্ধিই কিডনি রোগের প্রধান কারণ। অনেক সময় এসব রোগের তেমন লক্ষণ না থাকায় মানুষ চিকিৎসকের কাছে যান না। ফলে অজান্তেই অনেকেই দীর্ঘমেয়াদি কিডনি রোগে আক্রান্ত হন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের মহাসচিব ডা. রুহুল আমিন রুবেল এবং ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস রশিদ।

বক্তারা জানান, কিডনি রোগীদের সহায়তা করাই কিডনি ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য। বর্তমানে এখানে প্রতি রোগীর ডায়ালাইসিস খরচ ১ হাজার ৬০০ টাকা, যা আরও কমানোর চেষ্টা চলছে। এছাড়া বহির্বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মাত্র ১০০ টাকায় দেওয়া হচ্ছে।