শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আলোচিত এ মামলার বিচার দ্রুত শেষ করতে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক ও স্পর্শকাতর ঘটনা। সরকার আন্তরিকভাবে কাজ করছে যাতে দ্রুত বিচার নিশ্চিত করা যায়।”
তিনি জানান, দেশে বিচারক ও আইনজীবীর সংকট থাকায় অনেক মামলার বিচারপ্রক্রিয়া দীর্ঘ হয়। তবে আলোচিত মামলাগুলোর ক্ষেত্রে দ্রুত নিষ্পত্তির জন্য সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।
এ সময় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ‘আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয়’— এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, “এ ধরনের মন্তব্য আদালত অবমাননার শামিল। বিচারকরা সম্পূর্ণ স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করেন।”
তিনি আরও বলেন, “বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে বলেই গ্রেপ্তারের পরদিনও অনেকেই জামিন পাচ্ছেন।”
বাংলাদেশের বিচার বিভাগ অন্য অনেক দেশের তুলনায় স্বাধীনভাবে কাজ করতে পারে দাবি করে আইনমন্ত্রী বলেন, দেশে মামলা জটের অন্যতম কারণ বিচারকের স্বল্পতা। পাশাপাশি ট্রায়ালে অংশ নেওয়ার মতো পর্যাপ্ত আইনজীবী না থাকায় বিচার কার্যক্রম দীর্ঘায়িত হচ্ছে।
সম্প্রতি ঝিনাইদহে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “পুলিশ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছে এবং বিচারকরাও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”



