পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।
ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির মহিমান্বিত বার্তা নিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে এসেছে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে তিনি দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
তিনি বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিয়েছে। ইসলামের এই মহিমান্বিত উৎসব কেবল আনন্দের নয়, বরং মহান আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের চিরন্তন শিক্ষা বহন করে।
প্রধানমন্ত্রী আরও বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য ও সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত ঈদুল আজহাকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, আল্লাহ যেন সবার ত্যাগ ও কোরবানি কবুল করেন এবং মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একইসঙ্গে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন।
সবশেষে প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর হোক পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ যেন সবার কোরবানি ও ইবাদত কবুল করেন এবং তাঁর অশেষ রহমত ও বরকতে সবার জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে।



