tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদসারাদেশরান্নাঘরে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার, একজনের কারাদণ্ড

রান্নাঘরে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার, একজনের কারাদণ্ড

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার আসাননগর গ্রামে অভিযান চালিয়ে শরিফুলের বাড়ির রান্নাঘর থেকে ৬৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম কালিদাসপুর ইউনিয়নের আসাননগর কারিগরপাড়ার আবদুল জলিলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি আগে মুদি ও জ্বালানি তেলের ব্যবসা করলেও বর্তমানে সিট-কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত। তবে লাইসেন্স ছাড়াই তিনি বাড়িতে বিপুল পরিমাণ ডিজেল মজুত করে রাখেন। জ্বালানি তেলের সংকট চলাকালে বেশি মুনাফার আশায় তিনি তেল বাজারজাত না করে গোপনে সংরক্ষণ করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক শাহীন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারকে অবহিত করেন।

ইউএনওর নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবদুল্লাহ আল শামীম ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় শরিফুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দ করা ৬৪৫ লিটার ডিজেল বর্তমানে সংশ্লিষ্ট কর্মকর্তার জিম্মায় রয়েছে। প্রশাসন জানিয়েছে, ১৮ এপ্রিল স্থানীয় কৃষকদের কাছে ন্যায্য মূল্যে তেল বিক্রি করা হবে এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল শামীম বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়ানোর চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।