গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেন, রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে এসে সংকট সমাধানে সুনির্দিষ্ট ও কার্যকর পরামর্শ দেওয়া উচিত।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, গ্যাস-বিদ্যুতের সংকট নিয়ে বিরোধী দল লংমার্চ বা বিভিন্ন কর্মসূচি দিতে পারে। তবে এর পাশাপাশি কীভাবে, কোথা থেকে এবং কোন উপায়ে দেশে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা যায়—সে বিষয়ে বিকল্প প্রস্তাবও দিতে হবে।
তিনি বলেন, সরকারের সমালোচনা ও রাজনৈতিক কর্মসূচি গণতন্ত্রের অংশ। তবে দেশের সংকটময় পরিস্থিতিতে শুধু কর্মসূচি নয়, সংকট সমাধানে গঠনমূলক পরামর্শও প্রয়োজন। সংসদে বিরোধী দলের কথা বলার যথেষ্ট সুযোগ রয়েছে।
পরিকল্পিতভাবে দেশে অচলাবস্থা তৈরি না করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, অতীতের ভুল নীতির পুনরাবৃত্তি করা হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাই সংকট থেকে উত্তরণের বাস্তবসম্মত পথ দেখাতে হবে।
গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধার কারণে আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে। এর ফলে প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সাময়িক সমস্যা দেখা দিয়েছে। এটি সরকারের একক কোনো কারণে সৃষ্টি হয়নি বলেও দাবি করেন তিনি।
জুলাই আন্দোলনে সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকার কথা তুলে ধরে রিজভী বলেন, গান ও নৃত্যের মতো সাংস্কৃতিক পরিবেশনা আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস জুগিয়েছিল।
অনুষ্ঠানে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, অভিনেতা হেলাল খান ও জাকির হোসেন রুকনসহ অনেকে।
আলোচনা শেষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।



