কমনওয়েলথ সরকারপ্রধানদের আসন্ন সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই দিন মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সম্মেলনে হুমায়ুন কবিরের দায়িত্বের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
আগামী ১ থেকে ৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত হবে কমনওয়েলথ সরকারপ্রধানদের এ বৈঠক। এতে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্মেলনে একজন পূর্ণ মন্ত্রিসভার সদস্যের সমপর্যায়ের সম্মান ও প্রটোকল পাবেন তিনি।



