tanaka
প্রচ্ছদরাজনীতিসাংগঠনিক সভা পরিচালনার কয়েক ঘণ্টা পরই এনসিপি নেতার পদত্যাগ

সাংগঠনিক সভা পরিচালনার কয়েক ঘণ্টা পরই এনসিপি নেতার পদত্যাগ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ মিলন মোল্যা পদত্যাগ করেছেন। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে দলের সাংগঠনিক সমন্বয় সভা পরিচালনা করার পর সন্ধ্যায় তিনি পদত্যাগপত্র জমা দেন।

দলীয় সূত্র জানায়, শনিবার বিকেলে আলফাডাঙ্গায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে সাংগঠনিক শৃঙ্খলা আরও সুদৃঢ় করা এবং দলের কার্যক্রম গতিশীল করার উদ্দেশ্যে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের উপস্থিতিতে আয়োজিত সভাটি পরিচালনার দায়িত্বে ছিলেন মিলন মোল্যা। সভা শেষ হওয়ার পরই তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।

পরে উপজেলা শাখার আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রে মিলন মোল্যা উল্লেখ করেন, ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত নানা ব্যস্ততার কারণে বর্তমানে তাঁর পক্ষে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হচ্ছে না। সংগঠনের স্বার্থ বিবেচনা করেই তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল জলিল মোল্যা বলেন, মিলন মোল্যার পদত্যাগপত্র তাঁরা পেয়েছেন। পরবর্তী প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য এটি জেলা কমিটির কাছে পাঠানো হবে। এ বিষয়ে জেলা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।