tanaka
প্রচ্ছদঅন্যান্যমানুষের মূত্র ও জ্বালানির তাপে প্রতিবছর গলছে এভারেস্টের আড়াই হাজার টন বরফ

মানুষের মূত্র ও জ্বালানির তাপে প্রতিবছর গলছে এভারেস্টের আড়াই হাজার টন বরফ

এভারেস্ট বেস ক্যাম্পে মানুষের বিভিন্ন কর্মকাণ্ড থেকে উৎপন্ন তাপের কারণে প্রতিবছর খুম্বু হিমবাহের প্রায় ২ হাজার ৫০০ টন বরফ ও তুষার গলে যাচ্ছে। আন্তর্জাতিক গবেষকদের একটি দলের নতুন গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণাটি ‘রিজিওনাল এনভায়রনমেন্টাল চেঞ্জ’ জার্নালে প্রকাশিত হয়েছে।

গবেষণায় দেখা গেছে, ২০২৩ সালের বসন্তকালীন পর্বতারোহণ মৌসুমে এভারেস্ট বেস ক্যাম্পে জ্বালানি ব্যবহার এবং হিমবাহের ওপর সরাসরি ফেলে দেওয়া মানুষের মূত্র থেকে উৎপন্ন তাপ মিলিয়ে বিপুল পরিমাণ শক্তি তৈরি হয়। এই শক্তি দিয়ে প্রায় ২ হাজার ৪৯২ টন বরফ গলানো সম্ভব।

২০২৩ সালের বসন্ত মৌসুমে বেস ক্যাম্পে প্রায় ১ হাজার ৬০০টি তাঁবু ছিল। রান্না, গরম ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ওই সময়ে ৮২৪ ক্যানিস্টার এলপি গ্যাস, ১৮ হাজার ৯৩৫ লিটার কেরোসিন এবং ৫ হাজার ১৩০ লিটার পেট্রোল ব্যবহার করা হয়। মানুষের মূত্র থেকে উৎপন্ন তাপসহ এসব উৎসের মোট শক্তির পরিমাণ ছিল প্রায় ৮ লাখ ৪৯ হাজার ১৭৪ মেগাজুল।

গবেষকদের হিসাবে, এই পরিমাণ শক্তি দিয়ে অলিম্পিক আকারের একটি সুইমিং পুল বা প্রায় ১৬ হাজার ৭০০টি বাথটব ভর্তি করার সমপরিমাণ বরফ গলানো সম্ভব।

এভারেস্টে উচ্চতার কারণে পানিশূন্যতা এড়াতে পর্বতারোহীরা প্রচুর পানি পান করেন। ফলে বেস ক্যাম্পে প্রতিদিন প্রায় ৬ হাজার লিটার মূত্র উৎপন্ন হয়, যার একটি বড় অংশ সরাসরি হিমবাহের ওপর ফেলা হয়। এই মূত্রের তাপও বরফ গলনে ভূমিকা রাখে।

এ ছাড়া মানুষের শক্ত বর্জ্যও হিমবাহের ওপর পড়ছে। গবেষকদের হিসাবে, এসব বর্জ্যের কারণে প্রায় ১৫৪ টন বরফ গলতে পারে। তবে হেলিকপ্টারের তাপ, মানুষের শরীরের তাপ এবং ইয়াকের উপস্থিতির মতো অন্যান্য উৎস এই হিসাবের মধ্যে ধরা হয়নি। ফলে প্রকৃতপক্ষে বরফ গলার পরিমাণ আরও বেশি হতে পারে বলে ধারণা করছেন গবেষকরা।

গবেষকরা বলছেন, এভারেস্টের বরফ গলার প্রধান কারণ অবশ্যই জলবায়ু পরিবর্তন। তবে দ্রুত গলে যাওয়া একটি হিমবাহের ওপর হাজার হাজার মানুষের বেস ক্যাম্প স্থাপন দীর্ঘমেয়াদে টেকসই নয়।

তাদের মতে, খুম্বু হিমবাহের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে এভারেস্ট বেস ক্যাম্পকে হিমবাহ থেকে সরিয়ে কাছাকাছি কোনো স্থিতিশীল এলাকায় স্থানান্তরের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।