জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের পদত্যাগ দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, বিএনপি সরকারকে অবৈধ আখ্যা দিয়ে বক্তব্য দেওয়ার পর নাহিদ ইসলাম পদত্যাগ না করলে তাঁর নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হবে।
শনিবার (২৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি জানান রাশেদ খান।
পোস্টে তিনি লেখেন, ‘শেখ হাসিনার মতো তারেক রহমানও অবৈধভাবে ক্ষমতায় রয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের প্রক্সি সংগঠনের সভাপতি নাহিদ ইসলাম। যে জাতীয় সংসদে সরকারি দল হিসেবে বিএনপি অবৈধ হয়, সেই সংসদে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে নাহিদ ইসলাম কীভাবে বৈধ হন?’
রাশেদ খান আরও লেখেন, ‘শেখ হাসিনার সঙ্গে তুলনা করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অবৈধ বলার আগে নাহিদ ইসলামের উচিত ছিল জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা। তবু যেহেতু পদত্যাগ করার আগে বিএনপি সরকারকে অবৈধ বলে তিনি বক্তব্য দিয়ে ফেলেছেন, সুতরাং এই বক্তব্যের পরে নাহিদ ইসলাম পদত্যাগ না করলে তাঁর কোনো নৈতিক ভিত্তি থাকবে না।’
নাহিদ ইসলামের প্রতি আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, ‘আশা করি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করে নৈতিকতার প্রমাণ দেবেন এবং রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে এনসিপির জনভিত্তির প্রমাণ দেবেন।’



