যুক্তরাষ্ট্রের আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন ঘিরে নির্বাচনী প্রচারণায় ইরানের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ট্রাম্প প্রশাসন ধারাবাহিকভাবে ভুল সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে এমন একটি যুদ্ধ শুরু করা অন্যতম বড় ভুল, যার পক্ষে কেউ দাবি তোলেনি বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরুদ্ধ করেছে। এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়েছে। এমন পরিস্থিতিতে ইরান যুদ্ধ নিয়ে ওবামার মন্তব্যকে কেন্দ্র করে দুই সাবেক ও বর্তমান মার্কিন প্রেসিডেন্টের মধ্যে নতুন করে বাক্যুদ্ধ শুরু হয়েছে।
ওবামার সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে পাল্টা আক্রমণ করেন ট্রাম্প। তিনি ওবামার প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের নীতির সমালোচনা করে ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তির প্রসঙ্গ তোলেন।
ট্রাম্পের অভিযোগ, ওবামা প্রশাসন ইরানকে কয়েক বিলিয়ন ডলার দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করেছিল। তাঁর দাবি, ওই নীতির ফলে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ আরও সহজ হয়েছিল।



