tanaka
প্রচ্ছদজাতীয়পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ বন্ধ

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ বন্ধ

নির্বাচন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং ইউনিয়নের সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়াতে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সরকার। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়। দেশের সব জেলা প্রশাসককে পাঠানো নির্দেশনায় কার্যক্রম বন্ধ রাখার কথা জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারা অনুসারে ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালাসহ পুনর্গঠন ও বিভক্তকরণসংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত থাকবে।

এ সিদ্ধান্তের আওতায় ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ বিভক্তকরণ নীতিমালাসংক্রান্ত স্মারক এবং ২০১৪ সালের ৯ ডিসেম্বর প্রকাশিত পুনর্গঠন ও বিভক্তকরণবিষয়ক স্মারকের ভিত্তিতে চলমান কার্যক্রমও বন্ধ রাখতে বলা হয়েছে।

সরকারের নির্দেশনায় স্থগিতাদেশের পেছনে নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা, ভোটার তালিকা হালনাগাদ এবং ইউনিয়নের সীমানা নিয়ে সম্ভাব্য বিরোধ বা জটিলতা এড়ানোর বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসকদের পাশাপাশি নির্দেশনার অনুলিপি অবগতির জন্য বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকারের উপপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।