রাজধানী ঢাকায় রোববার (৪ জানুয়ারি) মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে কয়েকদিন সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে, ফলে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, গতকাল নওগাঁর বদলগাছী, পাবনা ও রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে।
তবে রাজধানী ঢাকার তাপমাত্রা আজ খানিকটা কমেছে। আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা গতকের চেয়ে সামান্য কম (গতকাল ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস)।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, রাজধানীতে শীতের প্রকোপ গতকালের তুলনায় কিছুটা বেড়েছে এবং এই ধারা অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা হয়তো এক ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে, তবে রাতের তাপমাত্রা আবার কমতে পারে।
তিনি আরও জানান, রোববার থেকে আগামী দুই-এক দিন সারা দেশে তাপমাত্রা কমতে পারে। ৭ জানুয়ারি তাপমাত্রা এক ডিগ্রি বাড়তে পারে, এবং ১০ জানুয়ারি থেকে দুই-তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত দেশের তাপমাত্রা কুয়াশার উপস্থিতির ওপর নির্ভর করে। কুয়াশা বেশি থাকলে রাতের তাপমাত্রা কমে এবং শীত বেশি অনুভূত হয়। আগামী কয়েকদিন সারা দেশে কুয়াশা বেশি পড়ার কারণে শীতের তীব্রতা বেড়ে যেতে পারে।



