বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য এবং বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আবদুল লতিফ বাচ্চু আর নেই। তিনি রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
চলচ্চিত্র ও নাটক জগতে বিচক্ষণ ও নির্ভুল কর্মকাণ্ডের জন্য তিনি বহুবার প্রশংসিত হয়েছেন। সরকারি সেন্সর বোর্ড ও জুরি বোর্ডে তিনি সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নির্বাচনে বহুবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আবদুল লতিফ বাচ্চু ১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। ক্যারিয়ার শুরু হয় প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে। তিনি কাজ করেছেন আলোর পিপাসা, আগন্তুক এবং দর্পচূর্ণ সিনেমায়। ১৯৬৮ সালে রূপকুমারী সিনেমার মাধ্যমে একক ক্যারিয়ার শুরু করেন। স্বাধীনতার পর অবুঝ মন সিনেমায় চিত্রা জহির ও কাজী জহিরের সঙ্গে কাজ করেছেন।
পরিচালক হিসেবে তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে বলবান, যাদুর বাঁশি (বাচসাস), দ্বীপকন্যা, নতুন বউ, মি. মাওলা এবং প্রতারক। তিনি বাচসাস ছাড়াও ‘ফজলুল হক স্মৃতি’ পুরস্কারে ভূষিত হয়েছেন।
বাংলাদেশ চলচ্চিত্রের এক প্রাজ্ঞ শিল্পী ও বিচক্ষণ পরিচালক হিসেবে আবদুল লতিফ বাচ্চুর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।



