৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় শাহবাগ রণক্ষেত্রে পরিণত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ সংঘর্ষের পর থেকে এলাকাজুড়ে যান চলাচল বন্ধ রয়েছে।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান থেকে পানি ছোড়ে এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। তবুও চারুকলার সামনের সড়কে অবস্থান ধরে রেখেছেন পরীক্ষার্থীরা।
এর আগে দুপুরে পরীক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয়। সেখানে বসেই তারা আন্দোলন চালিয়ে যান।
আন্দোলনকারীদের দাবি, পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। অন্যদিকে আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে শাহবাগ থানার ওসি খালেদ মনসুরও আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি, মিছিল, অবরোধ ও অনশনসহ বিভিন্ন কর্মসূচি করে আসছেন পরীক্ষার্থীরা। তারা রাজশাহী, খুলনা, ময়মনসিংহের রেলপথ ও ঢাকা-আরিচা মহাসড়কও অবরোধ করেছেন। দাবি আদায় না হলে পরীক্ষা বর্জনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
পরীক্ষার্থীরা অভিযোগ করছেন, আগের বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ৬ মাস থেকে এক বছর সময় মিললেও এবার সময় দেওয়া হয়েছে খুবই কম, যা অযৌক্তিক বলে দাবি তাদের।
পিএসসির ঘোষণা অনুযায়ী আগামী ২৭ নভেম্বর থেকে দেশের আটটি কেন্দ্র—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা একযোগে শুরু হবে। আসনবিন্যাস প্রকাশসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন।



