tanaka
প্রচ্ছদসারাদেশযুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) নেত্রকোনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য হাজির হলে শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এর আগে মামলার এসব আসামি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন।

কারাগারে যাওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন—পূর্বধলা উপজেলা জামায়াতের নায়েবে আমির জয়নাল আবেদিন, ধলামূলগাঁও ইউপি চেয়ারম্যান রেজুওয়ানুর রহমান, মো. নোবেল খান, মাহফুজুল হক উজ্জ্বল, মো. মাসুম আকন্দ, মো. সোহাগ মিয়া, মো. সাহাব উদ্দিন, মো. আল আমিন, মো. তাইজুল ইসলাম ও মো. খোকন মিয়াসহ ২৫ জন।

হাটের ইজারা নিয়ে সংঘর্ষ

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০ মে নেত্রকোনার পূর্বধলা উপজেলার কোরবানির পশুর হাটের ইজারা দেওয়ার দিন নির্ধারিত ছিল। হাটের ইজারার ডাককে কেন্দ্র করে ওইদিন উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে বিএনপি, যুবদল ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় আগিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ওমর শরীফ বাদী হয়ে ২৫ মে পূর্বধলা থানায় মামলা করেন।

মামলায় পূর্বধলা উপজেলা জামায়াতের নায়েবে আমির জয়নাল আবেদিনসহ মোট ৩৩ জনকে আসামি করা হয়।

আগাম জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে হাজির

মামলার ২৫ আসামি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার পর বুধবার সকালে তারা নেত্রকোনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামায়াতের স্থানীয় একটি সূত্র জানিয়েছে, মামলার আসামিরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছেন। তাদের দাবি, কোরবানির পশুর হাটের ইজারাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জহিরুল ইসলাম বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় বর্তমান সরকার দলের লোকেরা সারা দেশে মিথ্যা মামলা দিয়ে বিরোধীদল ও মতকে দমন করার চেষ্টা করছে। আজকে পূর্বধলার একটি মিথ্যা মামলায় উপজেলা জামায়াতের নায়েবে আমিরসহ ২৫ নেতাকর্মীকে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা এই মামলা আইনিভাবে মোকাবিলা করব। আশা করি আদালত দ্রুত সময়ের মধ্যে এই মিথ্যা মামলা প্রত্যাহারসহ নেতাকর্মীদের মুক্তির ব্যবস্থা করবেন।’

তবে মামলার অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য ভিন্ন। পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘একটি মামলায় আসামিরা উচ্চ আদালতের জামিনে ছিলেন। আজ তারা আদালতে হাজির হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’