tanaka
প্রচ্ছদসারাদেশরাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে প্রকল্পের গুরুত্বপূর্ণ নথিপত্র তলবের পাশাপাশি ওয়াশব্লক নির্মাণের প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন দুদকের কর্মকর্তারা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সরোয়ার হোসেন, সহকারী পরিদর্শক আবু সাদেক, উপ-সহকারী পরিচালক মামুন ও বোরহান উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

টেন্ডারে অনিয়মের অভিযোগ

দুদক কর্মকর্তারা জানান, রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন শহরের বিভিন্ন ওয়াশব্লক নির্মাণ প্রকল্পে টেন্ডার প্রক্রিয়া ও কার্যাদেশ প্রদানে ঘুষ গ্রহণসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় প্রকল্পগুলোর টেন্ডার প্রক্রিয়া, কার্যাদেশ প্রদান, দরপত্র মূল্যায়নসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র তলব করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাঙামাটির নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া প্রকল্পসংক্রান্ত ফাইল ও প্রয়োজনীয় নথিপত্র দুদক কর্মকর্তাদের সামনে উপস্থাপন করেন।

দুদক কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে কিছু টেন্ডারে সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ না দিয়ে তুলনামূলক বেশি দরদাতাকে কাজ দেওয়ার তথ্য পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে।

অভিযানে প্রাথমিকভাবে কিছু নথিপত্র সংগ্রহ করা হলেও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রের প্রয়োজন হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চাহিদাপত্র দেওয়া হয়েছে।

সরেজমিনে যাচাই করবে দুদক

দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সরোয়ার হোসেন বলেন, ওয়াশব্লক নির্মাণে কার্যাদেশ প্রদানসহ ঘুষ গ্রহণ ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রাথমিকভাবে কিছু নথিপত্র পাওয়া গেছে। আরও কিছু রেকর্ডপত্র সংগ্রহের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, নথিপত্র পর্যালোচনার পাশাপাশি ওয়াশব্লক নির্মাণের প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করা হবে। এ ছাড়া নমুনাভিত্তিক যাচাইয়ের মাধ্যমে প্রকল্পগুলোর বাস্তব অবস্থা পরীক্ষা করা হবে।

এ বিষয়ে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বলেন, দুদক কর্মকর্তাদের চাওয়া প্রকল্পের যাবতীয় ফাইল ও নথিপত্র তাদের সামনে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি প্রকল্প এলাকা পরিদর্শনের সময় প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে।