যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের হাতে আটকের প্রায় দুই সপ্তাহ পর জামিনে মুক্তি পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কারজয়ী কাশ্মীরি চলচ্চিত্র নির্মাতা আরফাত শেখ। গত ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাকে আটক করেছিল মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
আরফাতের পরিবার ও বন্ধুদের উদ্যোগে গঠিত একটি প্রচারণা দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (৬ অক্টোবর) তার জামিন মঞ্জুর হয়। এরপর বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
তবে জামিনে মুক্তি পেলেও যুক্তরাষ্ট্র থেকে তাকে বহিষ্কারের জন্য করা ডিপোর্টেশন মামলার কার্যক্রম এখনো চলমান রয়েছে।
আরফাত শেখকে আটকের কারণ নিয়ে মার্কিন প্রশাসন ও তার সমর্থকদের বক্তব্যে ভিন্নতা রয়েছে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের ভাষ্য, তিনি বৈধ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেও পরবর্তীতে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করছিলেন। কর্তৃপক্ষের দাবি, কেউ আশ্রয়ের আবেদন করলেই স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের বৈধ অধিকার পেয়ে যান না।
অন্যদিকে আরফাতের শুভাকাঙ্ক্ষীদের বক্তব্য, তিনি ২০১৯ সালে চলচ্চিত্র বিষয়ে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে যান। পরের বছর, অর্থাৎ ২০২০ সালে তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। সেই আবেদন নিষ্পত্তির অপেক্ষায় থাকাকালে যুক্তরাষ্ট্রে থাকা ও কাজ করার বৈধ অনুমতি তার ছিল বলে দাবি করেন তারা।
আরফাত শেখকে আটকের ঘটনাকে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কঠোর অভিবাসন নীতির ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। স্বল্পমেয়াদি ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের শনাক্ত করে তাদের ভিসা বাতিলের উদ্যোগও নিয়েছে প্রশাসন।
মার্কিন সরকারের পক্ষ থেকে এসব পদক্ষেপকে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ব্যাখ্যা করা হলেও মানবাধিকারকর্মীদের অভিযোগ, এ ধরনের অভিবাসন অভিযান অভিবাসীদের পাশাপাশি জাতিগত সংখ্যালঘুদের অধিকারও ক্ষতিগ্রস্ত করছে এবং বৈষম্যের ঝুঁকি বাড়াচ্ছে।
ভারত-শাসিত কাশ্মীরে জন্ম নেওয়া আরফাত শেখ চলচ্চিত্র নির্মাতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন। ২০২৪ সালে মুক্তি পাওয়া তার প্রথম সিনেমা ‘জাফরান কিংডম’ শিকাগো ফিল্মমেকার্স অ্যাওয়ার্ডস, এলএ ফিল্ম অ্যান্ড ডকুমেন্টারি অ্যাওয়ার্ডস, মেলবোর্ন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল এবং ওয়েক ফরেস্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে।
এ ছাড়া টিনেক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ‘ইমার্জিং ফিল্মমেকার অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড’ পান আরফাত শেখ।



