যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেক্টিকাট—এই ট্রাই-স্টেট এলাকায় শক্তিশালী তুষারঝড় শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া তুষারপাত শনিবার ভোর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) তিন রাজ্যকে ‘উইন্টার স্টর্ম ওয়ার্নিং’-এর আওতায় রেখেছে।
এদিকে, ভারী তুষারপাতের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল শুক্রবার রাজ্যের অর্ধেকেরও বেশি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। এ ঘোষণা মোট ৩৬টি কাউন্টিতে প্রযোজ্য, যার মধ্যে নিউ ইয়র্ক সিটির পাঁচটি বরোও অন্তর্ভুক্ত।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত বিস্তৃত এলাকায় টানা তুষারপাত হতে পারে। মিড-হাডসন, নিউ ইয়র্ক সিটি ও লং আইল্যান্ড অঞ্চলে সবচেয়ে বেশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় ৪ থেকে ৮ ইঞ্চি পর্যন্ত তুষার জমতে পারে, আর কিছু নির্দিষ্ট স্থানে এক ফুট পর্যন্ত বরফ জমার আশঙ্কাও করা হচ্ছে। তুষারপাতের ফলে নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যেতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাতে সড়কপথে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। চালকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন, গন্তব্যে পৌঁছাতে পর্যাপ্ত সময় হাতে রাখা এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। নিউ ইয়র্ক স্টেট প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জরুরি সেবাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।
জাতীয় আবহাওয়া সংস্থার পূর্বাভাসে আরও বলা হয়েছে, নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেক্টিকাটে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৪০ মাইল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উল্লেখ্য, ১৯১৫ সালের এপ্রিল মাসে নিউ ইয়র্কে সর্বোচ্চ ১০ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছিল।



