যুক্তরাজ্যে বৈধভাবে থাকা অভিবাসীদের স্থায়ী বসবাসের (ILR) যোগ্যতা অর্জনের সময়সীমা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব দিয়েছে দেশটির সরকার। নতুন নীতিমালা অনুসারে, অধিকাংশ অভিবাসীর জন্য আইএলআর পাওয়ার সময় পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হতে পারে। কিছু ক্ষেত্রে এই সময় ২০ বছর পর্যন্তও বাড়তে পারে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সংসদে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ জানান, ২০২১ সালের পর যুক্তরাজ্যে আগত প্রায় ১৬ লাখ বৈধ অভিবাসীর ওপর এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। তবে যারা ইতোমধ্যে স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন, তারা এই প্রস্তাবের বাইরে থাকবেন।
মাহমুদ বলেন, “যুক্তরাজ্যের অংশ হয়ে ওঠা কোনো অধিকার নয়; এটি একটি সুযোগ—যা অর্জন করতে হয়।”
যে পরিবর্তনগুলো আসতে পারে
- কর্মভিসা ও পরিবারভিত্তিক ভিসাধারীদের জন্য ৫ বছরের বদলে ১০ বছর অপেক্ষার নিয়ম কার্যকর হতে পারে।
- গত ১২ মাসে সরকারি সুবিধা ব্যবহার করেছেন এমন আবেদনকারীদের জন্য সময়সীমা বাড়িয়ে ১৫ বছর করার প্রস্তাব রয়েছে।
- স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতে কর্মরত ভিসাধারীদেরও অপেক্ষার সময় ৫ বছর থেকে বাড়িয়ে ১৫ বছর করা হতে পারে।
- সম্পূর্ণ বেনিফিটনির্ভরশীল আবেদনকারীদের জন্য সময়সীমা ২০ বছর পর্যন্ত বাড়তে পারে—যা ইউরোপের মধ্যে অন্যতম দীর্ঘ সময়।
কেন এই পরিবর্তন
সরকারের হিসাবে, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে নিট অভিবাসনের মাধ্যমে যুক্তরাজ্যের জনসংখ্যায় ২৬ লাখ মানুষ যুক্ত হয়েছে। এর ফলে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে প্রায় ১৬ লাখ মানুষ স্থায়ী হওয়ার যোগ্য হয়ে উঠতে পারে। এই চাপ মোকাবিলায় বর্তমান কাঠামো পুনর্বিবেচনা করা হচ্ছে।
সরকার ‘আর্নড সেটেলমেন্ট’ নামে নতুন মানদণ্ডভিত্তিক ব্যবস্থার পরিকল্পনাও করছে। এতে থাকতে পারে—
- এ-লেভেল সমমানের ইংরেজি দক্ষতা
- অপরাধমুক্ত রেকর্ড
- টানা তিন বছর £12,570 এর বেশি বার্ষিক আয়
বিশেষ অবদান রাখা ব্যক্তিদের জন্য দ্রুত সেটেলমেন্টের পথ উন্মুক্ত থাকবে।
যাদের জন্য আগের নিয়ম বহাল থাকবে
- এনএইচএসের চিকিৎসক ও নার্সরা ৫ বছরেই স্থায়ী হওয়ার যোগ্য হবেন।
- উচ্চ আয়ের আবেদনকারী ও আন্তর্জাতিক উদ্যোক্তারা ৩ বছরে দ্রুত সেটেলমেন্টের সুযোগ পাবেন।
- পারিবারিক সহিংসতার শিকার, স্বামী/স্ত্রী হারানো ব্যক্তি ও পুনর্বাসিত শরণার্থীদের দ্রুত রুট অপরিবর্তিত থাকবে।
পরিবারভিত্তিক সেটেলমেন্টে পরিবর্তন
- মূল আবেদনকারী যোগ্য হলেও পরিবারের সদস্যরা স্বয়ংক্রিয়ভাবে সেটেলমেন্ট পাবেন না।
- ১৮ বছরের নিচের সন্তানেরা বাবা–মায়ের সঙ্গে যুক্ত হতে পারবে।
- বয়স্ক নির্ভরশীলদের জন্য নতুন শর্ত প্রযোজ্য হবে।
সরকার ২০২৬ সালের বসন্ত থেকে নতুন নিয়ম কার্যকর করতে চায়। চলমান জনপরামর্শ প্রক্রিয়া ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এর আগে সরকার আশ্রয় ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের প্রস্তাব দেয়, যার মধ্যে রয়েছে স্থায়ী শরণার্থী মর্যাদা বাতিল করে ৩০ মাস পরপর পর্যালোচনাযোগ্য অস্থায়ী মর্যাদা চালু করা।



