ঢাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ ছাড়াও ভারতেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর থেকেই চারদিকে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজধানীর বিভিন্ন স্থানে ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে।
রাজধানীর মগবাজার এলাকার বাসিন্দা হুমায়ুন ফরিদ জাগো নিউজকে বলেন, “হঠাৎ করে আমি খাট থেকে পড়ে যাই। সাথে সাথে দৌড়ে নিচে নেমে আসি। আশপাশের সবাই নিচে নেমে এসেছে। সবাই খুব উদ্বিগ্ন।”
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জাগো নিউজকে জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ এবং এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত।



